নারী শিক্ষার্থীদের জন্য বিনামূল্যের তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ!

২৮ এপ্রিল, ২০২২ ১০:১২  
ডিজিটাল বাংলাদেশ গঠন ও দক্ষ ভবিষ্যৎ গড়ে তোলার প্রয়াসে ‘কোডিং ফর গার্লস’ প্রকল্পের অধীনে শিক্ষার্থীদের বিনামূল্যে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ দেবে শক্তি ফাউন্ডেশন ও অকুলীন টেক বিডি। শেখানো হবে স্কুল ও কলেজ স্তরে ছাত্রীদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইথনসহ বিভিন্ন ফ্রিল্যান্সিং কার্যক্রম। প্রাথমিক পর্যায়ে নারায়ণগঞ্জের আড়াইহাজার ও কুমিল্লার তিতাসের চারটি উচ্চ বিদ্যালয়ের প্রায় ১০০ ছাত্রীকে এ প্রশিক্ষণ দেওয়া হবে। এ কার্যক্রমে স্থানীয় উচ্চ বিদ্যালয়ের পাশাপাশি স্থানীয় আইটি ট্রেনিং ইনস্টিটিউটগুলোকে সম্পৃক্ত করা হবে যেন পরবর্তীতে অন্যরা রোবোটিক্সবিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করতে পারে রাজধানীর গুলশানে অকুলীন টেক বিডির কার্যালয়ে এ বিষয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে মঙ্গলবার একটি সমঝোতা চুক্তি সই হয়েছে। এ সময় শক্তি ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক ইমরান আহমেদ ও অকুলীন টেক বিডির ম্যানেজিং ডিরেক্টর শাদাব সাজিদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, প্রশিক্ষণ কোর্সে বেসিক কম্পিউটার প্রশিক্ষণ, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন ও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অন্তর্ভুক্ত থাকবে।